রবিন হত্যার প্রতিবাদে উত্তাল গফরগাঁও!
বাবা-মার আহাজারি: খুনিদের ফাঁসি চাই, একজন গ্রেফতার
ময়মনসিংহ, গফরগাঁও, ১৪ জুন ২০২৬: কলেজ ছাত্র আশরাফুল আলম রবিন হত্যার বিচার চেয়ে গফরগাঁওয়ে দ্বিতীয় দিনের মতো মানবন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজ রবিবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রায় ঘণ্টাব্যাপী মানবন্ধনে অংশ নেন রবিনের বন্ধু, পরিবার ও স্বজনরা।
বাবা-মার আহাজারি কাঁদালো সবাইকে!
মানবন্ধনে বক্তব্য দিতে গিয়ে রবিনের বাবা মোফাজ্জল হোসেন কাঁদতে কাঁদতে বলেন, “আমার বুক যারা খালি করছে, আমার পুতেরে যারা খুন করছে তাগর ফাঁসি চাই।”
রবিনের মা শান্তা বেগম বিলাপ করে বলেন, “আল্লাহ্ আল্লাহ্ গো আমি কি লইয়া বাঁচবাম, কেডা আমারে মা ডাকবো? আমার বাবারে যারা মারছে আমি তাগর ফাঁসি চাই। তাগর মায়ের বুক যেন খালি অয়।”
সাবেক কাউন্সিলর আলাউদ্দিন সুলতান বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে গফরগাঁওয়ের আইনশৃঙ্খলার চরম অবনতি হতে পারে।”
পুলিশের অগ্রগতি-
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান, রবিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাজীব নামে একজনকে গ্রেফতার করে ১ দিনের রিমান্ডে আনা হয়েছে। গ্রেফতারকৃতের বাসায় রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলমান।
ঘটনার প্রেক্ষাপটঃ
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজার বাড়ি সড়কে নিজের জন্মদিন পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা রবিনকে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রতিবেদক: মতিউর রহমান মতি
জেলা প্রতিনিধি ময়মনসিংহ, দি ইউনাইটেড জার্নাল