মনির-নাফিজ-রনির নেতৃত্বে পেশাজীবী দলের সাংগঠনিক টিম গঠন। দেশব্যাপী মহানগর ও জেলা কমিটি গঠন-পুনর্গঠনের দায়িত্ব প্রদান।
৬ অক্টোবর ২০২৬, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী মহানগর ও জেলা কমিটি গঠন/পুনর্গঠনের জন্য ৩ সদস্যবিশিষ্ট সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সাংগঠনিক আদেশে এই টিম গঠন করা হয়। টিমের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদস্য সচিব হিসেবে দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং সদস্য হিসেবে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল কাদির রনি।
আদেশে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যোগ্য, দক্ষ ও সক্রিয় নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠন সম্পন্ন করবেন। এক্ষেত্রে ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ প্রসঙ্গে টিমের সদস্য সচিব ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব বলেন, সারাদেশে অনলাইনে প্রায় লক্ষাধিক জাতীয়তাবাদী পেশাজীবী ইতোমধ্যে তাদের প্রাথমিক সদস্য পদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি মহানগর ও জেলায় আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং বাকি জেলা ও মহানগরে কমিটি গঠনের কাজ পুরোদমে এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, “আনুষ্ঠানিক এই সাংগঠনিক নির্দেশ আমাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদে বিশ্বাসী পেশাজীবীরা যেভাবে পেশাজীবী দলকে গ্রহণ করছেন, তাতে খুব দ্রুততম সময়ের মধ্যেই এটি জাতীয়তাবাদী দলের মূল শক্তির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, আগ্রহী পেশাজীবীরা অনলাইনে প্রাথমিক সদস্য পদে নিবন্ধন করতে পারবেন।
👉 *প্রাথমিক সদস্য পদ নিবন্ধন করুন:* https://bnpp.bd/membership/
📞 *হেল্পলাইন:* 01407-076000